সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীকে মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মীর হেলালের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীকে একটি শান্তি, সম্প্রীতি ও নিরাপদ মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাসহ সবার সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য মীর হেলাল বলেন, “আমি হাটহাজারীর আপামর জনসাধারণকে সাথে নিয়ে প্রান্তিক ও মজলুম মানুষের পাশে থেকে মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সব স্তরে সেবা করার চেষ্টা করব। অবহেলিত এই হাটহাজারীকে আধুনিক ও নিরাপদ এলাকায় পরিণত করার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের ওয়াদা মাফিক হাটহাজারীকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, এই আসনের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। এখানে কোনো সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির স্থান থাকবে না।

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার এলাকার উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, হাটহাজারী ফটিকা বিলে ৬০০ শয্যাবিশিষ্ট চীন-মৈত্রী হাসপাতাল দ্রুততম সময়ে বাস্তবায়ন, বাসস্ট্যান্ড চত্বরে কোরআনের ভাস্কর্য বা আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন এবং যানজট নিরসনে মূল রাস্তায় ভাসমান বাজার ও চাঁদাবাজি বন্ধ করা। এ ছাড়া হাটহাজারী মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনি মারকাজের কেন্দ্রস্থল হওয়ায় রাষ্ট্র পরিচালনায় ওলামায়ে কেরামের সার্বিক পরামর্শ ও সহযোগিতা নেওয়ারও আহ্বান জানান তিনি।

হাটহাজারী উপজেলা শাখার সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ দীদার কাসেমী, মাওলানা ওসমান সাঈদি, মাওলানা মীর কাসেম, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মুহাম্মদ রাশেদ, মাওলানা নছিম উদ্দিন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা ইয়াছিন, মাওলানা আবু ইউসুফ, নূর মুহাম্মদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মুফতী জমির উদ্দিন, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আসাদ উল্লাহ, ইবরাহীম, আবু তাহের রাজিব প্রমুখ।