
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর বাড়ি থেকে আয়েশা ছিদ্দিকা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলবুনিয়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আয়েশা ছিদ্দিকা ওই এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু সংবাদমাধ্যমকে জানান, স্বামী আবদুল মুবিন ও স্ত্রী আয়েশা ছিদ্দিকার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কয়েক দিন পরপরই তাঁদের মধ্যে ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আয়েশা ছিদ্দিকা। পরে স্থানীয় লোকজন এসে বাড়ির দরজা ভেঙে তাঁর লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে রাখেন।
রিয়াস উদ্দিন শিপু আরও জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পান তিনি। পরে চকরিয়া থানা-পুলিশকে খবর দেওয়া হয়। রাত নয়টার দিকে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত আয়েশা ছিদ্দিকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে নিহত আয়েশা ছিদ্দিকার লাশ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয় লোকজন বাড়ির দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছেন বলে জানান। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
চকরিয়া থানার সেকেন্ড অফিসার (অপারেশন অফিসার) উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আবদুল মুবিন পলাতক রয়েছেন। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।