
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো একটি চলন্ত পিকআপ রাস্তার পাশের দোকানে ঢুকে গিয়ে রফিক আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক আহমদ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান নুরুল আলমের ছোট ভাই এবং বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব বুলেটের চাচা। তাঁর বাড়ি স্থানীয় জিদ্দাবাজার এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি চলন্ত পিকআপ গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে এহেছান নামের এক ব্যক্তির দোকানে ঢুকে যায়। এ সময় দোকানের সামনের চৌকিতে বসে থাকা লোকজনের ওপর পিকআপটি উঠে গেলে রফিক আহমদসহ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে রফিক আহমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। রাত ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নেওয়ার পথে পটিয়া উপজেলা সদর এলাকায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব বুলেট উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তাঁর চাচা রফিক আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।