
দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অধীনে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হতে যাচ্ছে ‘মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীণ’ ক্লাব। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্লাবটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আবেদন জমা দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতেই দীর্ঘদিনের ঝুলে থাকা এই বিষয়টির একটি ইতিবাচক সমাধান হতে চলেছে।
এই পুরো প্রক্রিয়ায় ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ সামনে থেকে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর করা আবেদনের ভিত্তিতেই জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নেয়।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও উপসচিব মো. আমিনুল এহসান-এর স্বাক্ষরিত এক দাপ্তরিক নির্দেশনার মাধ্যমে এই সুখবরটি আসে। ২৮ ফেব্রুয়ারি জারি করা ওই নির্দেশনায় মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীণ-কে তিনজন কাউন্সিলরসহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুস্পষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক সভায় মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীণ সহ মোট ১৬২টি ক্লাবকে সিজেকেএস কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু অনুমোদন পাওয়ার পরও দীর্ঘদিন ধরে ক্লাবটিকে চূড়ান্তভাবে নথিভুক্ত করা হয়নি।
অবশেষে এনএসসি-এর এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীণ তাদের দীর্ঘ প্রতীক্ষিত ও ন্যায্য স্বীকৃতি পেল।