সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবুল বশর আর নেই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ৫:২৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর আর নেই। রোববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাস্টার আবুল বশর ছিলেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। তাঁর বাবা গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমান। মৃত্যুকালে মাস্টার আবুল বশর অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মাস্টার আবুল বশর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একজন অকুতোভয় বীর হিসেবে নিজেকে প্রমাণ করেন। একজন আদর্শ শিক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা ও সৎ সাংবাদিক হিসেবে তিনি আমৃত্যু সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই প্রয়াণে ফটিকছড়িবাসী এক আলোকিত মানুষকে হারাল।

ফটিকছড়ির এই গুণীজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর দুইটায় নিজ বাড়ির ঈদগাহ মাঠে মরহুম মাস্টার আবুল বশরের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।