সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় পানি সরবরাহের সরঞ্জাম চুরি, পাহারায় ধরা পড়ল চোর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ৩:২৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্থাপিত পানি সরবরাহ লাইনের পাম্পঘর থেকে বৈদ্যুতিক তার, মিটার, গ্রিল ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ধাপে ধাপে এসব মালামাল চুরি করার পর সোমবার ভোরে স্থানীয়দের পাহারায় চোরাই সরঞ্জামসহ এক চোর হাতেনাতে ধরা পড়েছে।

স্থানীয় লোকজন জানান, ওয়াটার সাপ্লাইয়ের পাম্পঘর (বুম মেশিন ঘর) থেকে বেশ কিছুদিন ধরে কৌশলে মালামাল চুরির বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে বিষয়টি অবগত করেন। এরপর সাবেক এই জনপ্রতিনিধির কৌশলে নিয়োগ দেওয়া পাহারাদারদের নজরদারিতে সোমবার ভোরে চোরাই মালামালসহ ওই চোর হাতেনাতে ধরা পড়ে।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, মালামালসহ হাতেনাতে আটকের পর ওই চোরকে চকরিয়া পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ।

চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ লোকমান জানান, আটক হওয়া ওই চোরকে এরই মধ্যে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পৌরসভার বিদ্যুৎ বিভাগের স্টাফ রফিক আহমদ বাদী হয়ে ওই চোরের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে ওয়াটার সাপ্লাই ঘরের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হওয়ার কারণে ওই এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এ চুরির সঙ্গে জড়িত পুরো চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।