
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তাঁকে পরবর্তী পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মোহাম্মদ জামশেদুল আলমকে বাঁশখালীর ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ নভেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কর্মকাণ্ডে তিনি সমালোচিত হন। বিশেষ করে ২০২৫ সালের ২৮ জুলাই চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালীর একটি সরকারি বালিকা বিদ্যালয়ের খেলার মাঠে রাতারাতি অস্থায়ী সড়ক নির্মাণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাঠের কাদা এড়িয়ে জেলা প্রশাসকের গাড়ি যাতে অনুষ্ঠানস্থলের কাছে যেতে পারে, সেজন্য গভীর রাতে ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালি দিয়ে তিন লাখ টাকার বেশি ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হয়, যা নিয়ে মোহাম্মদ জামশেদুল আলম তীব্র সমালোচনার মুখে পড়েন।