
চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় তৈরি একনলা বন্দুক, কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মো. এরশাদ নামের ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে পুলিশ এই অস্ত্র উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের একটি ভাড়া ঘর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মো. এরশাদ ধলই ইউনিয়নের পশ্চিম ধলই ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকের ছেলে।
হাটহাজারী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজের নেতৃত্বে এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
উপপরিদর্শক (এসআই) রূপন নাথসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার মধ্যরাতে ফরহাদাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উদালিয়ার মিয়াজান চৌধুরী বাড়ির ঢালার মুখ এলাকার জাফর জমিদারের মালিকানাধীন টিনশেড ঘরে হানা দেয়। সেখান থেকেই আসামি মো. এরশাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের পর মো. এরশাদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল এবং ২টি দা উদ্ধার করে জব্দ করা হয়। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-১১।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান অস্ত্রসহ আসামি গ্রেপ্তারের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।