
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের সাতকানিয়ায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ‘কৃষকের বাজার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃষকের বাজার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।
কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন এবং সাধারণ ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয় বলে মন্তব্য করেন শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরী আরও বলেন, এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে।
এখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত সবজি, ফল ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে পারবেন, যার ফলে একদিকে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং অন্যদিকে সাধারণ মানুষও কম দামে তাজা কৃষিপণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে আলহাজ্ব শাহজাহান চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই মূলত ‘কৃষকের বাজার’-এর প্রধান উদ্দেশ্য।
মোঃ মনিরুজ্জামান আরও জানান, এখানে স্থানীয় কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে বিক্রি করছেন, যার ফলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমে যাচ্ছে এবং ক্রেতারা সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন।
কৃষকের এই বাজারটি প্রথমে পরীক্ষামূলক বা ট্রায়াল হিসেবে চালু করা হয়েছে এবং পরবর্তীতে এটি কৃষকের সুবিধামতো স্থানে বসানোর চেষ্টা চালানো হবে বলে জানান মো. মনিরুজ্জামান।
কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মো. মনিরুজ্জামান নিশ্চিত করেন।