
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে ‘রাজস্থান পাঞ্জাবি’র শোরুমসহ মোট ৫ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত পৌরসভার কাছারী সড়কসহ উপজেলার বিভিন্ন বিপণিবিতানে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের এই অভিযান পরিচালিত হয়।
এই মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযান পরিচালনার সময় অবৈধভাবে ফুটপাত দখল, পণ্যের ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধ ধরা পড়ে।
পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখার দায়ে ৫টি পৃথক মামলায় ৫ জন দোকানিকে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাচারি সড়কের ‘রাজস্থান পাঞ্জাবি’ শোরুমের মুশফিকুর রহমানকে ২০ হাজার টাকা এবং জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযানে আবু তাহেরকে ১০ হাজার, লোকমানকে ১০ হাজার এবং মো রায়হান রাজুকে ১০ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদে মানুষ যেন নির্বিঘ্নে এবং ন্যায্যমূল্যে কেনাকাটা করতে পারে, তা নিশ্চিত করতেই এই বিশেষ তদারকি চালানো হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন নিশ্চিত করেন।
এছাড়া বাজারে কোথাও কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ ক্রেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।