
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গোলাম সোবাহানীয় ঘোনা এলাকায় নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোলাম সোবহানীয় ঘোনা এলাকার মো. ইদ্রিসের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি চকরিয়ায় কর্মরত সাংবাদিক ছোটন কান্তি নাথ, এম জিয়াবুল হক এবং ইকবাল ফারুক পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ছবি তুলতে উপজেলার হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় যান।
এ সময় বালুদস্যু, সরকারি পাহাড় এবং বনভূমি দখলকারী মো. নাজেম উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিক ছোটন কান্তি নাথ, এম জিয়াবুল হক এবং ইকবাল ফারুকের ওপর হামলা চালায়। এই হামলায় তিন সাংবাদিক গুরুতর জখম হন।
এরপর ২৫ ফেব্রুয়ারি সাংবাদিক ইকবাল ফারুক বাদী হয়ে মো. নাজেম উদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন।
মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান। পরে পুলিশ সোর্সের মাধ্যমে খবর নিয়ে শুক্রবার ভোররাতে মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে এসআই ফরিদ উদ্দিনের টিম নিশ্চিত করে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাংবাদিকদের ওপর হামলার মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মো. নাজেম উদ্দিনসহ এই মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মোঃ মনির হোসেন।