সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬ | ৬:৪৯ অপরাহ্ন


ডেঙ্গু রোগের বিস্তার রোধকল্পে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল নয়টায় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন।

এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. জায়নুল আবেদিন।

ডা. জায়নুল আবেদিন আরও বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু রোগের বিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

শনিবার শুরু হওয়া এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল চত্বর, হাসপাতালের ভেতরের ও বাইরের ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান এবং সম্ভাব্য মশার প্রজননস্থলসমূহ পরিষ্কার করা হয়।

জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা সরিয়ে ফেলা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের শুরুতে হাসপাতাল মিলনায়তনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বার্তা তুলে ধরেন ডা. জায়নুল আবেদিন।

ডা. জায়নুল আবেদিন বলেন, এডিস প্রজাতির মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মায় এবং অল্প পরিমাণ জমে থাকা পানিও মশার বংশবিস্তার ঘটাতে পারে।

তাই বাড়ির ছাদ, ফুলের টব, টায়ার, পানির ট্যাংক, ড্রাম, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশে কোথাও তিন দিনের বেশি জমে থাকা পানি যেন না থাকে, সেদিকে বিশেষভাবে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দেন ডা. জায়নুল আবেদিন।

ডা. জায়নুল আবেদিন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং পরিবার ও প্রতিবেশীদের সচেতন করার মাধ্যমে সহজেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন ডা. জায়নুল আবেদিন।

চকরিয়াবাসীর উদ্দেশে ডা. জায়নুল আবেদিন বলেন, আসুন, আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি এবং সচেতনতা বৃদ্ধি করি।

সম্মিলিতভাবে কাজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক একটি নিরাপদ, সুস্থ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন ডা. জায়নুল আবেদিন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজন ত্রিপুরা এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক মো. আরিফুল ইসলাম এবং হিসাবরক্ষক সৈয়দ হোসেনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।