সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দখল-দূষণ মুক্ত হচ্ছে বামনসুন্দর খাল, আশায় বুক বাঁধছেন হাজারো কৃষক

এম মাঈন উদ্দিন | প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ন


দখল, দূষণ ও নাব্যতা সংকটে মৃতপ্রায় চট্টগ্রামের মিরসরাইয়ের খালগুলো। উপজেলার কৃষি ও সেচের সাথে ওতপ্রোতভাবে জড়িত খালগুলো বছরের পর বছর সংস্কার ও পুনঃখননের অভাবে হয়ে গেছে মৃতপ্রায়।

বামনসুন্দর খাল তেমনি একটি গুরুত্বপূর্ণ খাল। পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় বামনসুন্দর খাল। সরকার নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বামনসুন্দর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন উপস্থিত থাকবেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় পানির তীব্র স্রোত ছিল এ খালে। এ খালের পানি ব্যবহার হতো আশপাশের কৃষকদের জমি চাষে।

অথচ বর্তমানে খালের বড় একটি অংশ জুড়ে ময়লা-আবর্জনা, অপচনশীল দ্রব্যাদি ও দখল হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক গতি হারিয়ে গেছে। এতে করে এলাকার চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।

জানা গেছে, মিরসরাইয়ের উপকূলীয় এলাকা থেকে খালটির যাত্রা শুরু হয়ে সাহেরখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন, কাটাছরা, মঘাদিয়া হয়ে বিস্তৃত হয়েছে পাহাড়ের পাদদেশ পর্যন্ত।

উপজেলার ৮ নং দুর্গাপুর ও ৯ নং সদর ইউনিয়নের পানি দুর্গাপুর খাল এবং মলিয়াইশ খাল হয়ে বামনসুন্দর খালে মিলিত হয়।

বর্তমান সরকার সারাদেশের খালগুলো আবারো পুনঃখননের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক অবস্থায় মিঠানালা ইউনিয়নের আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।

২৪ কিলোমিটার দৈর্ঘ্যের খালটির সংস্কার কাজ শেষ হলে এর সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।

পর্যাপ্ত সেচের পানির অভাবে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিল খাল সংলগ্ন কৃষকদের।

কাটাছরা ইউনিয়নের কৃষক নুরুল আবছার বলেন, এক সময় এই খালের পানি দিয়ে চাষাবাদ হতো।

খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় অনেক বছর ধরে মানুষ শুষ্ক মৌসুমে চাষাবাদ থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে কৃষক নুরুল আবছার আশা প্রকাশ করেন যে, এবার পুনঃখনন করা হলে এখানকার কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী রহমান ঘোষিত খাল কাটা ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বামনসুন্দর খাল পুনঃখনন শুরু হবে।

গাজী নিজাম উদ্দিন আরও জানান, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এরপর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, বামনসুন্দর খালটি পুনঃখনন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং অবশেষে খালের ৩ কিলোমিটারে পুনঃখনন শুরু হচ্ছে।

সোমবার বেলা ১১টা নাগাদ পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং খালটি পুনঃখনন হলে কয়েকটি ইউনিয়নের প্রায় সহস্রাধিক কৃষক উপকৃত হবেন বলে সোমাইয়া আক্তার নিশ্চিত করেন।