সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেপ্তার ৭০৫, বিপুল অস্ত্র উদ্ধার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৬ | ৮:৩১ অপরাহ্ন


চট্টগ্রাম মহানগরীতে অপরাধ দমনে পুলিশের টানা ১৫ দিনের বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৭০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে আজ সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস)-এর সমন্বয়ে গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী দুজনই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান নিবিড়ভাবে তদারকি করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া ৭০৫ জনের মধ্যে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা রয়েছেন। এর মধ্যে ৯৭ জন মাদক কারবারি, ৩৬৭ জন ছিনতাইকারী, ২৪ জন চাঁদাবাজ, ১৪৮ জন কিশোর গ্যাং সদস্য এবং ৬৯ জন জুয়াড়িকে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে এক লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা, তিন কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ। এ ছাড়া পুলিশের এই ‘এস ড্রাইভ’ অভিযানে বড় ধরনের অস্ত্রের মজুতও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলবারুদের মধ্যে রয়েছে একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিনগান (এসএমসি), একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং একটি দেশীয় তৈরি পাইপগান। এর পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, একটি খালি কার্তুজ, একটি প্লাস্টিকের তৈরি বুলেটের কেইস, তিনটি এসএমজির ম্যাগাজিন ও তিনটি পিস্তলের ম্যাগাজিন জব্দ করা হয়।

দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে একটি কাঠের বাঁটযুক্ত চাইনিজ কুড়াল, চারটি লোহার তৈরি কিরিচ, একটি রামদা, আটটি ছোরা, তিনটি ধামা, দুটি চাপাতি এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৪০টি চোরাই মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।