
দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ যুব ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাউজানের পাহাড়তলী ফোর-সি (4-C) এরিনা টার্ফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন শিমুল, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী বাবু, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম কুমার শীল।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক দীপেন দাসের সঞ্চালনায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে যুবসমাজকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে সমাজের নানা অসঙ্গতি দূর করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ছাড়া আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।