
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরকে কক্সবাজারের নতুন জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-০২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই একই আদেশে কক্সবাজারের বর্তমান সিভিল সার্জন ডা. মোহাম্মুদুল হককে ২৫০ শয্যাবিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই রদবদল করা হয়েছে বলে এম কে হাসান জাহিদ উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, চকরিয়া উপজেলার বাসিন্দা নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের ইতোপূর্বে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি দুই বছরের বেশি সময় ধরে পার্বত্য জেলা খাগড়াছড়ির সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।