সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদে নগরবাসীর নিরাপত্তায় সিএমপির বিশেষ নির্দেশনা জারি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ মার্চ ২০২৬ | ৯:০৮ পূর্বাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা ও বেশ কিছু নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার সিএমপির সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে ঈদ উপলক্ষে বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান তালাবদ্ধ রেখে গ্রামের বাড়ি বা অন্যত্র যাওয়ার সময় চুরি, ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের ওই নির্দেশনায় বলা হয়, বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহার করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী ফাঁকা বাসায় না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ অথবা প্রয়োজনে ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। নতুন নিরাপত্তাকর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করতে বলা হয়েছে। এ ছাড়া বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটস্থ থানাকে অবহিত করারও নির্দেশনা দিয়েছে সিএমপি।

ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ডিউটি জোরদার করা, কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে ছুটি না দেওয়া এবং মনিটরিংয়ের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ভল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরার কভারেজ নিশ্চিত করার ওপরও পুলিশের পক্ষ থেকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সিএমপি নাগরিকদের রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ আলোকিত রাখার আহ্বান জানিয়েছে। ঈদযাত্রায় ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়ি চালানোর ক্ষেত্রেও বেপরোয়া গতি এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় সিএমপি নগরবাসীকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ ফাঁড়ি বা থানাকে জানানোর কথা বলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিএমপির কন্ট্রোল রুমের হটলাইন ০১৩২০০৫৭৯৯৮ ও ০১৩২০০৫৭৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নগরবাসীকে আইন মেনে চলা ও পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে সিএমপি বলেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যেন নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর হয়।