
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী খাল থেকে নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ১১ বছর বয়সী শিশুর নাম মোহাম্মদ আরাফ। সে চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ আবছারের ছেলে এবং স্থানীয় যায়েদ বিন ছাবিত মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের কাটাখালী খালে গোসল করতে যায় মোহাম্মদ আরাফ। গোসলের একপর্যায়ে হঠাৎ করে সে খালের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকাবাসী দ্রুত খালের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল প্রায় পৌনে ৬টার দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় মোহাম্মদ আরাফের মরদেহ খুঁজে পান স্থানীয়রা।
ঘটনার বিষয়ে নিহত মোহাম্মদ আরাফের নানা হুমায়ুন কবির রুবেল জানান, প্রতিদিনের মতো সেদিনও সে খালে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, চরতী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী জানান, এলাকার কাটাখালী খালে গোসল করতে গিয়ে মোহাম্মদ আরাফ নামের ওই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।