সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘সংযমের মাধ্যমে পবিত্রতা অর্জনই রমজানের মূল তাৎপর্য’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ মার্চ ২০২৬ | ১০:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) আসরের নামাজের পর ইউনিয়নের পাটিয়ালছড়ি জামে মসজিদে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে প্রধান আলোচকের বক্তব্যে মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী বলেন, শুধু উপবাস থাকা নয়; বরং খারাপ চিন্তা, খারাপ মনোভাব এবং খারাপ দৃষ্টিসহ সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে খোদানির্ভর একটি অন্তর তৈরি করাই মাহে রমজানের মূল তাৎপর্য। এই চর্চা আনুগত্যকারীকে সর্বাবস্থায় পবিত্র রাখে। সংযমের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একত্বের প্রতি বিশ্বাসের স্থিতিশীলতা বজায় রেখে রোজাদার তাঁর রোজার মূল লক্ষ্যে পৌঁছতে পারেন। মুমিন ব্যক্তির অন্তর সর্বাবস্থায় পবিত্র থাকে বলেই হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) ঘোষণা করেছেন, ‘আমার ছেলেরা বারো মাস রোজা রাখে।’

আলোচনা পর্ব শেষে মিলাদ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন। এরপর প্রধান অতিথি মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার সম্পন্ন হয়।

এই মহতী মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোকর-এ মওলা মনজিলের সিনিয়র সদস্য ওমর ফারুক, সংগঠনের সিনিয়র সহসভাপতি এহসান উল্লাহ, সহসভাপতি সৈয়দ গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহীম, নির্বাহী সদস্য সজিবুল হাসান চৌধুরী ও সাজিদুল হাসান চৌধুরী এবং জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত। এ ছাড়া আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের অন্যান্য সদস্য এবং এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।