সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৌরসভার ময়লার ভাগাড় (ডাম্পিং স্টেশন) থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অমানবিক এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন উপজেলার ইসলামনগর এলাকায় অবস্থিত পৌরসভার ময়লার স্তূপে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসীর ধারণা, আশপাশের কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে ময়লার সঙ্গে নবজাতকটিকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। তবে নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলেছে, সে বিষয়টি স্থানীয়রা নিশ্চিতভাবে বলতে পারেননি।

জানা গেছে, চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য ইসলামনগর এলাকায় গত কয়েক বছর ধরে এই ডাম্পিং স্টেশন বা ময়লার ডিপোটি ব্যবহার করা হচ্ছে। ময়লার ভাগাড়ে নবজাতক শিশুকে এভাবে ফেলে দেওয়ার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ডা. মোহাম্মদ লোকমান উল্লেখ করেন।

এদিকে, নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনাটি ঘিরে এলাকায় যখন চাঞ্চল্য বিরাজ করছে, তখন স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সার্বিক বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বুধবার রাত ১১টা পর্যন্ত বিষয়টি কেউ থানায় আনুষ্ঠানিকভাবে জানায়নি।

তবে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মো. মনির হোসেন নিশ্চিত করেছেন।