সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নতুন বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজের আহ্বান মীর হেলালের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৬ | ১২:২৮ পূর্বাহ্ন

mir helal
বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (এমপি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় এলাকার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, নগরবাসী ও চট্টগ্রামবাসীসহ দেশবাসীর প্রতি এই ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, দীর্ঘদিন দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় দেশের মানুষ শ্বাসরুদ্ধকর পরিবেশে বিগত ঈদ পার্বণগুলো কাটিয়েছেন, যেখানে ঈদের আনন্দ অনেকটাই ম্লান ছিল। বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন সরকারের যাত্রার সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পেরে দেশবাসীর সঙ্গে তিনিও অত্যন্ত আনন্দিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দীর্ঘ ১৭ বছর নিরলস আন্দোলন-সংগ্রামে যাঁরা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, বিবৃতিতে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে সুখ, শান্তি ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।