সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে সফটওয়্যার উন্নত করার নির্দেশ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬ | ৩:৩৭ অপরাহ্ন


রেলওয়েকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতে সেবার মান বৃদ্ধি এবং অব্যবস্থাপনা দূর করার ওপর জোর দিয়েছে সরকার। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, বর্তমানে রেলওয়ের আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেনে ওয়াই-ফাই (Wi-Fi) সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে চালু আছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব ট্রেনেই আধুনিক এই সেবা নিশ্চিত করা হবে। ট্রেন দুর্ঘটনা ও নিরাপত্তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ বলেন, ট্রেনকে সম্পূর্ণ নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী চান ট্রেন যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে একটি জনপ্রিয় বাহন হয়ে থাকে। তাই মানুষের দোরগোড়ায় রেলসেবা পৌঁছে দিতে এবং সেবার পরিধি আরও বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নিয়েও সরকারের বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে হাবিবুর রশিদ উল্লেখ করেন।

রেলের লোকসান কমিয়ে একে লাভজনক করার বিষয়ে হাবিবুর রশিদ বলেন, রেলওয়ের অব্যবস্থাপনা ও অপচয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রেলকে একটি লাভজনক সংস্থায় রূপান্তর করার কাজও চলমান রয়েছে। টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটি এবং কালোবাজারি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে তাঁদের নজরে এসেছে এবং এ নিয়ে রেল মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আরও জানান, টিকিট নিয়ে সাধারণ যাত্রীদের যেন কোনো অভিযোগ না থাকে, সে জন্য সফটওয়্যার উন্নত করার এবং সিস্টেম ডেভেলপ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে টিকিট কালোবাজারি বা কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে। আজ পরিদর্শনকালে হাবিবুর রশিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।