
চট্টগ্রাম নগরে অপরাধ দমনে পরিচালিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ২৪ হাজারের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার অভিযোগে মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২০ মার্চ) সিএমপির পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সূত্র জানায়, নগরের বিভিন্ন থানা এলাকায় সমন্বিত এই বিশেষ অভিযানে মোট ২৪ হাজার ১৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে মাদকসংশ্লিষ্ট অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৬ জন এবং চাঁদাবাজির অভিযোগে ৬ জনসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিএমপির কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, এই অভিযানে সবচেয়ে বেশি ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর ও দক্ষিণ জোন। এই দুই জোন থেকে মোট ২০ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া চকবাজার থানা এলাকা থেকে ৩ হাজার ৩৮ পিস এবং কর্ণফুলী থানা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সিএমপি সূত্র আরও জানায়, নগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইকারী ও জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনাও রয়েছে এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার বিষয়টিও পুলিশের কড়া নজরদারিতে রাখা হয়েছে। নগরে সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সিএমপি কর্মকর্তারা জানিয়েছেন।