
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এই বিষয়ে সরকার সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে। বর্তমান সরকার এই রোহিঙ্গা সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই পবিত্র দিনে দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটিই হোক আজকের দিনের প্রকৃত আনন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্রড বা প্রতারণা বর্তমানে শুধু একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক পর্যায়ে গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে এই ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। এ ধরনের আধুনিক অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত কঠিন। এই প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্লোবাল সামিট অন ফ্রড আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এ বিষয়ে সম্মিলিত কৌশল প্রণয়নের দারুণ উদ্যোগ নেয়।
এই সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রতারণামূলক অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয় বলে সালাহউদ্দিন আহমদ জানান। এর মূল লক্ষ্য হলো—যেহেতু এই অপরাধগুলো কোনো সীমান্ত মানে না, তাই বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এগুলো দমন করা।
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। বৈশ্বিক প্রতারণা প্রতিরোধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন—এই দুটি বিষয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এগুলোর কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সেই লক্ষ্যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি পেকুয়া উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সর্বশেষ মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।