
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার সঙ্গে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে সমুদ্র জনপদ মগনামার তীরে নতুন একটি আধুনিক মানের জেটি তৈরির পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার। এরই অংশ হিসেবে সম্ভাব্য জেটি নির্মাণের স্থান পরিদর্শন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল শনিবার বিকেলে পেকুয়া উপজেলার উপকূলীয় জনপদ মগনামা সমুদ্রসৈকত এলাকায় পৌঁছে জেটিঘাটের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানান, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়াবাসীর যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন মগনামায় একটি আধুনিক জেটি নির্মাণের জন্য এই স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রস্তাবিত জেটি নির্মাণের স্থান নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া পরিদর্শনকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মগনামা ইউনিয়নের অতীব জনগুরুত্বপূর্ণ ছোট-বড় আটটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজ এবং মগনামা ফুলতলা থেকে কইড়াবাজার পর্যন্ত চলমান আরসিসি সড়কের অবশিষ্ট উন্নয়নকাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেককে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মগনামা ইউনিয়ন পরিষদের আওতাধীন যেসব সড়কের উন্নয়নকাজ অতি দ্রুত সময়ে বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাৎক্ষণিক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেককে নির্দেশ দিয়েছেন, সেগুলো হলো—কাজী মার্কেট থেকে মটকা ভাঙা সড়ক পাকাকরণ, মগঘোনা সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন, মগঘোনা-দরদরিঘোনা-কুমপাড়া সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন, পশ্চিমকুল সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন, শুদ্ধখালী সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন, সেপ্টাখালী-সাতঘর পাড়া সড়ক পাকাকরণ, ঈদগাহ মাঠ পাকাকরণের জন্য প্রকল্প গ্রহণ এবং আবদু পাড়া সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন।
ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, মগনামা ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে মগনামাবাসীর কল্যাণে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গে সার্বিক সহযোগিতা করতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন ইউনুচ চৌধুরী। এভাবে আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজের অনুপ্রেরণা জোগাতে মগনামা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী।