সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রমজানের মতোই সারা বছর সংযত থাকার আহ্বান এমপি হুমামের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ মার্চ ২০২৬ | ২:৩৫ অপরাহ্ন


পবিত্র রমজান মাসে মানুষ যেভাবে সংযম পালন ও ভালো আচরণ করেছে, তা যেন সারা বছর ধরে বজায় থাকে, সেই আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

গতকাল শনিবার (২১ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এ কথা বলেন।

উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হুমাম কাদের চৌধুরী বলেন, গত ৩০ দিন সবাই পবিত্রতার সঙ্গে রমজান পালন করেছেন। এই সময়জুড়ে রোজা রেখে সবার আচরণ ভালো ছিল এবং রাঙ্গুনিয়ার সর্বত্র শান্তি বিরাজ করেছে। হুমাম কাদের চৌধুরী আশা প্রকাশ করে বলেন, আগামী পুরো বছরও যেন সবাই একইভাবে নিজেদের পরিচালনা করেন এবং একে অপরের প্রতি ভালো ব্যবহার অব্যাহত রাখেন।

এ সময় হুমাম কাদের চৌধুরী সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কাজে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, তাই সবাইকে তাঁদের পাশে দাঁড়াতে হবে।

একটি স্বপ্নের রাঙ্গুনিয়া গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে হুমাম কাদের চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। ঈদের নামাজ ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে হুমাম কাদের চৌধুরী দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে হাসিমুখে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।