
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় দিনেদুপুরে আজিজুল হক নামের এক যুবককে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে বাটাখালী সেতুর পাশে এ হামলার পর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
আহত আজিজুল হক চকরিয়া পৌরসভার বাটাখালী মাস্টারপাড়ার নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় সোমবার রাতেই তিনি চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের সোলতান আহমদের ছেলে মোহাম্মদ টিপু এবং মোহাম্মদ নুরুর ছেলে মোহাম্মদ রিয়াদসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আজিজুল হক উল্লেখ করেন, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি তার মেজ বোন মিনা আক্তারের কাছ থেকে গরু বিক্রির ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাটাখালী সেতুর পাশে রহুল কাদের মিয়ার ঘাটার সামান্য পশ্চিমে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। এ সময় টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে আজিজুলের মাথায় কুপিয়ে জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে বেদম পিটুনি দেয়। পরে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও একটি অপ্পো ব্র্যান্ডের মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহত আজিজুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, এক যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।