
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এক প্রবাসীর ঘরের জানালা ফুটো করে নারী ভাড়াটিয়ার ব্যক্তিগত গতিবিধি পর্যবেক্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে গত ১৯ মার্চ হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর ভাগনে নাজিম উদ্দীন। অভিযোগের ভিত্তিতে গত ২১ মার্চ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের সতর্ক করেছে।
উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউসুফ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই এলাকার মৃত মো. আনোয়ারের ছেলে নেজাম মোরশেদ বাবুল (৫৫) এবং নেজাম মোরশেদ বাবুলের চার ছেলে আবদুল খালেক (২৭), আবদুল হালিম (২৫), মো. তারেক (২২) ও মো. জোবায়ের (২০)।
অন্যদিকে, ভুক্তভোগী এম আমিন উল্লাহ বাহার চৌধুরী পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দেশে এলে থাকার জন্য তিনি একটি একতলা পাকা ঘর নির্মাণ করেন। তাঁর অনুপস্থিতিতে ঘরটি দেখাশোনা করার জন্য আজিজুন নাহার (২৫) নামে আরেক প্রবাসীর স্ত্রীকে সেখানে ভাড়া দেন। আজিজুন নাহার তাঁর একমাত্র শিশুসন্তানকে নিয়ে সেখানে বসবাস করেন।
অভিযোগের বিবরণে জানা যায়, এম আমিন উল্লাহ বাহার চৌধুরীর ঘরের উত্তর পাশেই অভিযুক্ত নেজাম মোরশেদ বাবুল ও তাঁর ছেলেদের বসতঘর। এম আমিন উল্লাহ বাহার চৌধুরী দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে অভিযুক্তরা জোরপূর্বক প্রবাসীর ঘরের দেওয়ালটি নিজেদের ঘরের বেড়া হিসেবে ব্যবহার করে আসছেন। এতে ওই পাশের জানালাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সম্প্রতি ভাড়াটিয়া আজিজুন নাহার লক্ষ্য করেন, ঘরের উত্তর পাশের বন্ধ একটি জানালায় দুটি ফুটো করে কেউ তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করছে। পরে তিনি বিষয়টি এম আমিন উল্লাহ বাহার চৌধুরীকে জানান।
এম আমিন উল্লাহ বাহার চৌধুরীর ধারণা, পূর্বশত্রুতার জেরে ভাড়াটিয়াকে তাড়িয়ে দিতেই অভিযুক্তরা জানালায় ফুটো করে ব্যক্তিগত চলাফেরা ও মুহূর্তগুলোর ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করছেন। এতে আজিজুন নাহার নিজের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। নাজিম উদ্দীন বিষয়টি যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর মামা এম আমিন উল্লাহ বাহার চৌধুরীকে জানালে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ হাটহাজারী মডেল থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাজিম উদ্দীন।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত নেজাম মোরশেদ বাবুল, আবদুল খালেক, আবদুল হালিম, মো. তারেক ও মো. জোবায়েরকে ডেকে ফুটো করা জানালাটি জরুরি ভিত্তিতে মেরামত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।