সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন ৩০ মার্চ, ৩ পদে লড়ছেন ৬ প্রার্থী

রবিউল হোসেন | প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে সভাপতিসহ আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবার কেবল তিনটি পদে ছয়জন প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই নির্বাচনকে ঘিরে পটিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান ও অ্যাডভোকেট সামশুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী ও অ্যাডভোকেট সাদেক হোসেন এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আরিফুর রহমান রিয়াদ ও অ্যাডভোকেট কামাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে অ্যাডভোকেট কবিশেখর নাথ, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সালা উদ্দীন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট শাহীনা আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট আরমান ইসলাম, অ্যাডভোকেট রাজু দাশ ও অ্যাডভোকেট এসএম রফিকুল আলম ওসমানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসীম উদ্দীন জানান, এবারের নির্বাচনে সমিতির ১৯৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট তানজিনা জাহান জানান, তিনি এর আগেও সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সমিতির দায়িত্ব পালন করেছিলেন। সুযোগ পেলে আগামীতেও আইনজীবীদের সমস্যা সমাধানসহ তাঁদের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

একই পদের আরেক প্রার্থী অ্যাডভোকেট সামশুল আলম জানান, তিনি দশ বছর ধরে পটিয়া আদালতে আইনজীবীদের পাশে আছেন এবং আগে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নির্বাচিত হলে আইনজীবী সমিতির চলমান প্রকল্প সম্পন্ন করা এবং আইনজীবীদের জন্য নতুন জায়গার ব্যবস্থা করা তাঁর প্রধান লক্ষ্য হবে বলে জানান তিনি।

অন্যদিকে পাঠাগার সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন জানান, বিগত সময়ে তিনি আইনজীবীদের সমর্থনে তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবারও নির্বাচিত হলে আইনজীবীদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।