
চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী শওকত আলী আসিফের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। বুধবার বেলা ১১টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
শওকত আলী আসিফ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এরাদমিয়া চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ আলমের জ্যেষ্ঠ সন্তান। তিনি সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির (মোরশেদ-সোহাগ পরিষদ) সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বজনেরা জানান, প্রবাসে ব্যবসায়িক পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ায় কিছুদিন আগে দেশে ফেরেন শওকত আলী আসিফ। দেশে বিকল্প কোনো কর্মসংস্থান বা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আমিরাতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সম্প্রতি তিনি অসুস্থবোধ করলে তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক কন্যা এবং তিন বছর বয়সী এক ছেলে রেখে গেছেন।
স্থানীয়রা জানান, আবারও প্রবাসে ফিরে গিয়ে পরিবারের ভবিষ্যৎ গোছানোর প্রস্তুতি নিচ্ছিলেন শওকত আলী আসিফ। কিন্তু তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আমিরাতে তাঁর পরিচিতজনদের মাঝেও শোকের পরিবেশ বিরাজ করছে বলে প্রবাসীরা জানিয়েছেন।