সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এক-এগারোর আরেক আলোচিত সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২৬ | ২:৫০ পূর্বাহ্ন


প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের অভিযোগে শেখ মামুন খালেদের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আটক করা হয়েছে।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদকে আটকের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই সময় দুদক তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে এক-এগারোর পটপরিবর্তনের আরেক আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে রয়েছেন।