
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের কক্সবাজার স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৭টার দিকে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এইচ এম এরশাদ শেষনিশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক এইচ এম এরশাদ কক্সবাজারে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি লেখনীর মাধ্যমে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন।
সাংবাদিকতার পাশাপাশি এইচ এম এরশাদ পরিবেশ ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এইচ এম এরশাদের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক এইচ এম এরশাদের জানাজা আজ শনিবার আসরের নামাজের পর কক্সবাজার সদরের হাশেমিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।