
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক বাঁশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সাতকানিয়া থানার একটি দল বাঁশখালী থানার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রামে অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধারসহ ওই দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাদুরপাড়া এলাকা থেকে দিদারুল আলমের ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পুলিশ তদন্তে নামে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। একপর্যায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রামের রওশন আলীর ছেলে মো. হাসান (৩২) এবং গণ্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৬)।
এ প্রসঙ্গে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।