সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ মার্চ ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ন


চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সভা শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাশ গুপ্তের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাশ গুপ্ত। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আবদুর রশীদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু শুভ রাজ মল্লিক। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস বীথী দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও নব্বই দশকের প্রাক্তন রাউজান উপজেলা ছাত্রদল ফোরাম চট্টগ্রামের অন্যতম সংগঠক এম এনাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেন এবং সংগঠক সাইফুল আজম অপু। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বাবু রূপেন সরকার, বাবু দীপংকর বড়ুয়া, জাহেদ হোসেন নুরী, মিসেস পাপড়ি ভট্টাচার্য্য, সাইফুল চৌধুরী, মিসেস জোছনা আকতার, মিসেস নাজমুন নাহার, বাবু প্রান্তিক পূর্ণ্যাঘ্য বড়ুয়া ও মিসেস সনি কর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এনাম হোসেন বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫শে মার্চ কালরাতে যখন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তখন মেজর জিয়াউর রহমানের ডাকে জাতি যুদ্ধে অংশ নেয়। তিনি মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের নেতৃত্ব প্রদান করেন উল্লেখ করে এম এনাম হোসেন আরও বলেন, পতিত অবৈধ সরকার অতীতে জাতিকে এই সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করেছে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাশ গুপ্ত বলেন, শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। স্বাধীনতা কোনো দান নয়, এটি ছিনিয়ে আনা এক কঠোর অর্জন। এই স্বাধীনতা আমাদের ওপর অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং রাষ্ট্রকে ন্যায় ও সাম্যের ভিত্তিতে পুনর্গঠনের দৃঢ় সংকল্প আরোপ করে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।