সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর ইন্তেকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৬ | ৬:১৮ অপরাহ্ন


চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া আরাবিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) মাওলানা আবু তাহের কাসেমি নদভী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া মাদ্রাসার পরিচালক (ভূমি) মাওলানা মিজানুর রহমান। মাওলানা মিজানুর রহমান জানান, মাওলানা আবু তাহের কাসেমি নদভী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আবু তাহের কাসেমি নদভীর জন্ম ১৯৬০ সালে এবং তাঁর পিতার নাম নাজির আহমদ। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে হলেও পটিয়া মাদ্রাসার সঙ্গেই তাঁর জীবনের দীর্ঘ সময় জড়িয়ে ছিল। আজ সোমবার রাত ১১টায় পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে মাদ্রাসার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, নাজির আহমদের সন্তান মাওলানা আবু তাহের কাসেমি নদভীর শৈশবেই পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার হাতেখড়ি হয়। পরবর্তীতে নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় তিনি অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য তিনি ভারত ও পাকিস্তানে সফর করেন। সেখানে দারুল উলুম দেওবন্দে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন।

শিক্ষাজীবন শেষে মাওলানা আবু তাহের কাসেমি নদভী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন। হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে যুক্ত থেকে দারুল ইকামার নাজিম হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাওলানা আবু তাহের কাসেমি নদভীর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামসহ বিভিন্ন মহল থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।