
চট্টগ্রামের সবচেয়ে পুরোনো যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (পটিয়া চৌকি আদালত) পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে তিনটি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাড্ডাহাড্ডি এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে মুখ্য নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশন জানায়, বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান ১০১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সামশুল আলম পেয়েছেন ৬৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট সাদেক হোসেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান রিয়াদ ৭৪ ভোট পান।
এর আগে সভাপতি পদে অ্যাডভোকেট কবিশেখর নাথ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সালা উদ্দীন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট শাহীনা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট আরমান ইসলাম, অ্যাডভোকেট রাজু দাশ ও অ্যাডভোকেট এস এম রফিকুল আলম ওসমানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ফলাফল ঘোষণাকালে মুখ্য নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন বলেন, সারাদিন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীরা সুন্দর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী ১ এপ্রিল সমিতির কার্যালয়ে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত পটিয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা আইনজীবীদের স্বার্থে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবেন।