সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এলজিইডি কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ ছাত্রদলের সাবেক ভিপি প্রার্থীর বিরুদ্ধে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ মার্চ ২০২৬ | ৭:৪৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ভাঙচুর ও এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে।

সোমবার বিকালে ফটিকছড়ি এলজিইডি কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কক্ষে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বিষয়টি এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকালে সাজ্জাদ হোসেন হৃদয় এলজিইডি কার্যালয়ে গিয়ে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কাছে উপজেলা হিসাবরক্ষক শয়ন বড়ুয়ার মোবাইল নম্বর চান। নম্বর দিতে বিলম্ব হওয়ায় সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তিনি আতা উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কার্যালয়ে ভাঙচুর চালান। এতে অফিসের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। পরে উপস্থিত লোকজন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে তিনি সেখান থেকে চলে যান।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্যানেল থেকে চাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ হাজার ৩৭৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন সাজ্জাদ।

এসব অভিযোগের বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় গণমাধ্যমকে বলেন, তিনি তার এলাকার এক কর্মকর্তার ফোন নম্বর চাইলে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ তা দিতে অস্বীকৃতি জানান এবং তার সঙ্গে অশোভন আচরণ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে দাবি করে তিনি বলেন, প্রিন্টার বা কার্যালয় ভাঙচুরের যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।