
চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে বিবি আয়েশা (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় একটি ইটভাটা সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিবি আয়েশা মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির মৃত আবু সামার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পুকুরে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিবি আয়েশা দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। শারীরিকভাবে দুর্বল থাকায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হালিম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকেও তিনি বিবি আয়েশাকে হেঁটে যেতে দেখেছেন। তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।