সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে তরমুজ খেতে পানি, কৃষকের পাশে কৃষকদল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৬ | ৭:২২ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ভারী বৃষ্টিতে তরমুজ খেতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শুরু হওয়া এই বৃষ্টির কারণে উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ তরমুজ খেত প্লাবিত হয়েছে। এতে আবাদকৃত জমির প্রায় ২০ শতাংশ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কৃষকদের এই ব্যাপক ক্ষতির খবর পেয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন তরমুজ খেত পরিদর্শন করেন। এ সময় তিনি অসহায় কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে প্রণোদনা সহায়তা দেওয়ার জোরালো সুপারিশ করেন।

কৃষকনেতা মো. আশরাফ উদ্দিন জানান, হঠাৎ এমন ভারী বৃষ্টিতে মিরসরাইয়ের তরমুজ চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক খেতেই পানি জমে তরমুজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বাস্তব পরিস্থিতি স্বচক্ষে দেখতেই তিনি মাঠপর্যায়ে পরিদর্শনে গেছেন। ইতিমধ্যে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত প্রণোদনা নিশ্চিত করার সুপারিশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি নাজিম উদ্দিন আক্ষেপ প্রকাশ করে জানান, টানা বৃষ্টির কারণে তাঁদের তরমুজ খেতগুলো পানিতে তলিয়ে গেছে। পাকা, আধাপাকা ও কাঁচা তরমুজের বড় একটি অংশ দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা চরম আকার ধারণ করেছে।