সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় যুবককে ৭০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৬ | ৮:২৪ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রিয়াজ মাহমুদ (২৫) নামের এক যুবককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় জান্নাত ব্রিকস সংলগ্ন একটি ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযানকালে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত রিয়াজ মাহমুদকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ রোধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।