সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাছান মাহমুদ, নওফেল ও ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গ্রহণ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৬ | ২:১১ অপরাহ্ন


জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ এই মামলার চারজন আসামি বর্তমানে গ্রেপ্তার আছেন। আগামী ১৯ এপ্রিল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বাকি ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ ও মো. ফারুককে হত্যা করেছেন। এ ছাড়া দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে।