সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দাবি না মানলে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, খার্গ দ্বীপে হামলা

যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াবে: আইআরজিসি
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৬ | ৭:১৭ অপরাহ্ন


ঘোষিত সময়সীমার মধ্যে ইরান দাবি না মানলে তাদের পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আজ রাতে একটি সভ্যতার পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এটি আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু কে জানে—সম্ভবত তাই হতে যাচ্ছে।”

এই পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু না জানালেও এর আগে তিনি বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা বর্ষণ করে দেশটিকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে পারে।

এদিকে মার্কিন হুমকির জবাবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমা অতিক্রম করে, তবে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। পাশাপাশি ওয়াশিংটন ও তাদের মিত্রদের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করা হবে।

আইআরজিসির ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন আঞ্চলিক অংশীদারদের জানা উচিত তেহরান এখনো অনেক সংযম প্রদর্শন করেছে এবং লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা মেনে চলেছে। কিন্তু এখন থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

খার্গ দ্বীপে হামলা

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুটি সেতুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা মেহর জানিয়েছে, তেলশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপেও হামলা হয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সাংবাদিক দাবি করেছেন, এই হামলাটি ছিল মূলত ‘সামরিক লক্ষ্যবস্তুর’ ওপর।

এর আগে দিনের শুরুতে রাজধানী তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে হওয়া হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাজধানীর রাফি-নিয়া সিনাগগ বা ইহুদি উপাসনালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া তেহরানের বিভিন্ন অংশ এবং নিকটবর্তী কারাজ শহরেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।