সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টায় চকরিয়ার কাজী আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন


স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা-পুলিশ। আটক মো. আবু তৈয়ব কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সরকারি নিবন্ধনভুক্ত একজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার রাত নয়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) ফয়সল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান তাঁর বার্তায় আরও জানিয়েছেন, জাল সিল তৈরির এই জালিয়াতির ঘটনায় অভিযুক্ত মো. আবু তৈয়বের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।