
দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। একই সঙ্গে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ১৩৮ জনের।
আজ বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে ঢাকা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ জন শিশু। আর এই সময়ের মধ্যে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৪১ জন রোগী।