সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মধ্যপ্রাচ্য উত্তেজনার আঁচ: সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল আনছে সরকার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০২৬ | ৭:২৩ অপরাহ্ন


ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়েছে।

প্রথম প্রস্তাবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইয়ার এনার্জি এজি-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।

এই তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে কমিটিতে উপস্থাপন করা হয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো নীতিগতভাবে অনুমোদন করে।

এর আগে গত শনিবারও সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের জরুরি চাহিদা মোকাবিলায় আরও কয়েক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা এবং সরবরাহ ঝুঁকি মোকাবিলায় সরকার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, যাতে দেশে যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।