
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত লেখাপড়া নিশ্চিতকল্পে আরও আন্তরিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চকরিয়া উপজেলার সুরাজপুর ইউনিয়নের গ্রামীণ জনপদে অবস্থিত ওই বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এক ‘কমিউনিটি অ্যাকশন সভা’য় শিক্ষকেরা এই প্রতিশ্রুতি প্রদান করেন।
সভায় শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়মিত বাড়ির কাজ নিবিড়ভাবে তদারকি করা, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করা এবং সঠিকভাবে ক্লাস নেওয়ার বিষয়ে নিজেদের দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার আওতাধীন শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ’ (এসিজি) এই কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করে। মূলত বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই এই সভার উদ্যোগ নেওয়া হয়।
মানোন্নয়নবিষয়ক এই গুরুত্বপূর্ণ সভাটি সঞ্চালনা করেন টিআইবি চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। এসিজি সমন্বয়ক তৌহিদুল ইসলাম রানার সভাপতিত্বে আয়োজিত এই কমিউনিটি অ্যাকশন সভায় বক্তব্য দেন সনাক সদস্য ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক জিয়াউর রহমান, জসিম উদ্দিন এবং নুরুল ইসলাম।
সভায় উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের লেখাপড়াসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান তাঁর বক্তব্যে অভিভাবকদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এ লক্ষ্যে তিনি উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।