সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রবর্তক মোড়ে হঠাৎ ধসে পড়ল সড়ক, যান চলাচল ব্যাহত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের কিছু অংশ হঠাৎ দেবে যায়। এ কারণে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধদেয়ালের নির্মাণকাজ চলছে। মূলত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর একটি সেতু প্রায় তিন বছর আগে নির্মাণ করা হয়। বর্তমানে খালের পাশে প্রতিরোধদেয়াল নির্মাণের কাজ চলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের বিপরীতে সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বালুর বস্তা ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছেন। এ সময় দুর্ঘটনা এড়াতে সড়কে ফিতা টানিয়ে দেওয়া হয়। এতে চার লেনের সড়কের দুটি লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাকি অংশ দিয়ে যান চলাচল করায় ওই এলাকায় চরম যানজট ও ভোগান্তি তৈরি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন জানান, ঠিক কী কারণে সড়কটি দেবে গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে গর্তটি ভরাট করা হচ্ছে। বৃষ্টি থামলে পুরো অংশ সংস্কার করা হবে বলে প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন নিশ্চিত করেন।