সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আবাসিক ভবনে ৩০ হাজার লিটার ভোজ্যতেলের মজুত!

হাটহাজারীতে আলম এন্টারপ্রাইজে যৌথ বাহিনীর অভিযান, লাখ টাকা জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ভোজ্যতেলের অবৈধ মজুত রোধে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে আলম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালের দিকে হাটহাজারী পৌরসভার আলিপুরস্থ পুরোনো থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান পরিচালনার সময় একটি আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেলের মজুত পাওয়া যায়। এ ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত করা, যথাযথ ডকুমেন্টস বা কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা, পুরোনো স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট আলম এন্টারপ্রাইজের মালিক মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।

এ সময় আলম এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুতকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন করে কোনো মজুত না করার বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে কঠোর নির্দেশনাও প্রদান করা হয়। এই বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও হাটহাজারী মডেল থানা-পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান আজ শুক্রবার সন্ধ্যার দিকে জানান, অবৈধ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান দৃঢ়ভাবে জানিয়েছেন।