
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৃথক স্থান থেকে ওই দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য জানান রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি মো. আরমান হোসেন জানান, গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া থানা এলাকার বিভিন্ন স্থান থেকে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এ নিখোঁজের ঘটনায় তাদের অভিভাবকেরা রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৪ ও ১৮৫) দায়ের করেন।
নিখোঁজের ঘটনার পর ওসি মো. আরমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তদন্ত কার্যক্রম শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে জিডি নং-১৮৪-এর ভুক্তভোগী স্কুলছাত্রীকে সীতাকুণ্ড থানার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেন উপপরিদর্শক মিজানুর রহমান। একই সময়ে জিডি নং-১৮৫-এর ভুক্তভোগী অপর স্কুলছাত্রীকে পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, উদ্ধার হওয়া উভয় ছাত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গুনিয়া থানা-পুলিশ সব সময় তৎপর রয়েছে বলেও ওসি আরমান হোসেন নিশ্চিত করেন।