
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রুপের সদস্যদের সঙ্গে বিজিবির উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমণিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাঁঠালতলী যাত্রীছাউনি এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বাধীন টহল দল তাঁদের চ্যালেঞ্জ করলে ওই সন্দেহভাজন ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মিলিমিটার এসএমজির ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন নায়েব সুবেদার মো. শাহআলম ও তাঁর দলের সদস্যরা।
উদ্ধারকৃত সামগ্রী নিয়ে ফেরার পথে সন্ত্রাসী গ্রুপের আনুমানিক ১০০ থেকে ১১০ জন সদস্য নায়েব সুবেদার মো. শাহআলমের টহল দলকে ঘেরাও করার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরবর্তী সময়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা ধীরে ধীরে পিছু হটে বলে বিজিবি কর্মকর্তা মেজর এস. এম. ইমরুল কায়েস নিশ্চিত করেন।
পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস আশাবাদ ব্যক্ত করেন।